কর্মের প্রতি আগ্রহ ছাড়া সাফল্যের পথে অগ্রসর হওয়া যায় না। কর্ম ছাড়া জীবন মূল্যহীন হয়ে পড়ে। আমাদের সকল প্রকার উন্নতির মূলে কর্মের ভূমিকা অপরিসীম। আমাদের কর্ম অর্থাৎ কাজের ভেতরেই সাফল্যের বীজ নিহিত আছে। তাই বলা হয়ে থাকে জীবন মানেই কাজ। জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি উদ্যোগে যদি সাফল্য লাভ করতে চান, তাহলে আপনাকে পরিকল্পনা অনুযায়ী কাজ করতেই হবে। সব সময়ে কাজের দিকে পূর্ণ মনোযোগ দিতে হবে। আপনি যে লক্ষ্যে পৌঁছাতে চান, তার জন্যে যে সব কাজ করতে হবে সেগুলির প্রতি মনোযোগ দিন । আমার বাস্তব জীবনের অভিজ্ঞতায় দেখেছি কাজের প্রতি অসীম আগ্রহ ও মনোনিবেশ থাকলে প্রতিটি কাজেই দ্রুত সাফল্য আসে। রেস্তোরায় ওয়েটার যদি তার খরিদ্দারদের প্রতি ঠিকমতো মনোযোগ না দেন, তাহলে তার বকশিসটা যে ভালো হবে না তা বোঝাই যায় । মানব জীবনে সফলতার মূল ভিত্তি হল কাজ। কাজের সাথে সময়ের সমন্বয় থাকা অত্যাবশ্যক। কাজের জন্য দৃঢ় মনোবল, উচ্চাকাঙ্ক্ষা ও সময়ের যেমন গুরুত্ব দেয়া প্রয়োজন তেমনি প্রয়োজন কঠোর শ্রমের জন্য নিজেকে সদা-সর্বদা প্রস্তুত করে নেয়া।