মানুষকে না জেনে আপনি মানুষের মতো মানুষ হতে পারবেন না। আপনি যা হতে চান–যা কিছু পেতে চান, সেজন্য পথ বা পন্থা চাই। আর সেটা পাবেন কোত্থেকে? মানুষের জীবন থেকে। হ্যাঁ, মানুষের জীবনই জীবন সাফল্যের মস্ত এক সফল অভিধান।
এই সত্য কথাটাই আমি আপনাদের জানাতে চেয়েছিলাম। আর সেজন্য আমি বহুদিন খুঁজে, বহু শ্রমের বিনিময়ে একটি বই সংগ্রহ করি। এটাই সেই বই। তারপর আসে উত্তম অনুবাদের কথা। তাতেও কোথাও কোনো ত্রুটি রাখা হয় নি। ‘ব্যক্তিত্ব প্রতিভার বিকাশ’ একটি অনুপম রচনা–যার নির্যাস আপনাকে প্রেরণা দেয়; যার প্রতিটি অক্ষর স্বর্ণ ইট হয়ে আপনার ভবিষ্যতের ‘স্বপ্ন-তাজ’ গড়ে তোলে; যার প্রতিটি উপদেশ আপনার চলার পথে দিকনির্দেশক বাতিঘরের মতো কাজ করে।
শুধু এটুকু বলি না যে, এই বই পড়ে আপনি নিরেট জ্ঞানলাভ করুন এবং কট্টরপন্থি মানুষের মতো জ্ঞানের বোঝা বাড়িয়ে তুলুন। সেই জ্ঞান বিশ্বশ্রেষ্ঠ ব্যবহারিক পুস্তক প্রণেতা ডেল কার্নেগি কখনো দেন না। তার জ্ঞান-দানে মজা আছে; আর তার বই সুখপাঠ্য ও আনন্দময়-এতে কারো ভিন্নমত ছিল না এবং নেইও। - অনুবাদক