অলসতা, বিদায় তোমায়। এখন দৃঢ় সংকল্প আর কর্মব্যস্ততার সময় এসেছে। আমার দিগন্তে ঊষার আলো উঁকি দিচ্ছে। তাই আমি আশার আলো দেখি । মহান রবের কাছে প্রার্থনা করি, রাতের শেষ প্রহরে উঠে মিনতি করি । আবার ফিরিয়ে আনব সেই সোনালি ইতিহাস। কুদসের ভূমিতে মোরা সমবেত হব। শোনো, আগন্তুক অলসতা! তুমি আমার জীবনে এসেছ, কিন্তু যেতে চাচ্ছ না । তাই অচিরেই তোমাকে হত্যা করব। কারণ, আমি বাঁচতে চাই । একটি সুন্দর জীবন গঠন করতে চাই । তুমি আমাকে ছেড়ে যাওয়ার আগেই আমি তোমাকে ছেড়ে যাব । তুমি আমার হৃদয়ে আঘাত করার পূর্বেই আমি তোমাকে শেষ করে দেবো। কিছুটা পরে হলেও অবশ্যই অবশ্যই তোমার ইতি ঘটাব। তোমার সাথে আপসের সময় শেষ । আমার কাছে অবস্থান করার কোনো সুযোগ নেই তোমার। গাফিল, উদাসীন আর ঘুমন্তদের হৃদয়ই তোমার উপযুক্ত স্থান। তোমার নিষ্ফলতা তোমার কাছেই রাখো। আমি তোমাকে সমূলে উৎপাটন করে বহু দূরে ছুড়ে ফেলে দেবো। এমন জায়গায় নিয়ে তোমাকে পুঁতে রাখব, যেখান থেকে আর ফিরে আসতে পারবে না। তোমার পরিবর্তে আমি আমার হৃদয়ে কর্মচাঞ্চল্য, উদ্যম ও উর্বরতার চাষ করব । তাহলে আমি নিজেকে এবং অন্যদেরকে কল্যাণের পথে পরিচালিত করতে পারব, মানুষকে সঠিক পথের দিশা দিতে সক্ষম হব, উদাসীনদের হাত ধরে আল্লাহর দিকে নিয়ে যেতে পারব, মুত্তাকিদের কাতারে শামিল হওয়ার সুযোগ পাব এবং জান্নাতিদের মাঝে সামনের সারিতে স্থান পাব।