| বইয়ের নাম | আরব মনীষা (হার্ডকভার) |
|---|---|
| ক্যাটাগরি | Religious Books |
| লেখক | ড. মুহাম্মদ ফজলুর রহমান |
| প্রকাশনা | রিয়াদ প্রকাশনী |
| পৃষ্ঠা সংখ্যা | 240 |
| সংস্করণ | 2024 |
| ভাষা | Bangla |
ভূমিকা
মানব সভ্যতায় আরবী ভাষা ও সাহিত্য এবং আরব সংস্কৃতির অবদান অনেক। আধুনিক কালের নোবেল পুরস্কার বিজয়ী সাহিত্যের ভাষা আরবী ও এর ভাষাভাষীদের এই বিরাট কৃতিত্ব একদিনে অর্জিত হয়নি। ভাষার অলঙ্করণ ও উন্নত সাহিত্য সৃষ্টিতে আরবদের রয়েছে এক সুদীর্ঘ ও সুবিশাল ঐতিহ্য। যুগে যুগে আরব ভাষাতাত্ত্বিক ও কবি-সাহিত্যিকগণ তাদের মূল্যবান অবদানে এই ঐতিহ্য গড়ে তুলেছেন।
বিভিন্ন যুগের এরকম কয়েকজন মনীষীর ব্যক্তি-পরিচয় ও বহুমুখী অবদান তুলে ধরার জন্য এই পুস্তক রচনা। উদ্দেশ্য, বাংলা ভাষাভাষী সাহিত্য-পাঠকদের সামনে আরবী ভাষা ও সাহিত্য সম্ভারের খানিকটা ঝলক উপস্থাপন করা এবং সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক- শিক্ষার্থীদের কিছুটা প্রয়োজন পূরণ করা । আলোচ্য মনীষীরা হলেন উমাইয়া-আব্বাসী যুগের বসরার প্রখ্যাত ব্যকরণবিদ ও ছন্দশাস্ত্রের জনক খলীল ইবনে আহমদ আল- ফারাহীদী, আব্বাসী যুগের অমর কথাশিল্পী মাকামাতখ্যাত আবুল কাসেম আল-হারীরী, আধুনিক যুগের কয়েকজন প্রখ্যাত কবি- “কবিকুলসম্রাট” আহমদ শাওকী, “নীল- নদের কবি” হাফিজ ইবরাহীম, “সমাজচেতনার কবি” মা'রূফ আর-রুসাফী, “দুই ভূখণ্ডের কবি” খলীল মুতরান এবং আমেরিকায় প্রবাসী কবি ইলিয়্যা আবূ মাদী ।
পুস্তকের কতিপয় বিষয় ইতিপূর্বে প্রবন্ধাকারে প্রকাশিত হয়েছিল। নতুনভাবে সংযোজন ও সমন্বয়-সম্পাদনার পর “আরব মনীষা”-র আত্মপ্রকাশ ঘটল । এই পুস্তক রচনায় বেশকিছু বিদগ্ধ পাঠক এবং বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাঙ্গনের আরবী ভাষা ও সাহিত্যের অগণিত শিক্ষক-শিক্ষার্থীর প্রেরণা যথেষ্ট সহায়ক ভূমিকা রেখেছে। আমি তাদের কাছে সবিনয় ঋণ স্বীকার করছি। অন্যান্য বইয়ের মত এ বইটির কম্পিউটার কম্পোজেও রিয়াদ ও রেদওয়ানের অনেক অবদান। তা না হলে এর আত্মপ্রকাশ নিশ্চয়ই বিঘ্নিত ও বিলম্বিত হত ।
গ্রন্থটির মূল আরবী অংশ ও অন্যান্য তথ্য সংগ্রহে যেসব উৎসগ্রন্থ ও সূত্রের সাহায্য নেওয়া হয়েছে, যথাস্থানে তা উল্লেখ করা হয়েছে। তবে এতে সন্নিবেশিত সকল আরবী গদ্যাংশ ও পদ্যাংশের বঙ্গানুবাদ সম্পূর্ণ আমার নিজস্ব। অন্যের কোন অনুবাদ এতে গ্রহণ করা হয়নি ।
বইটি পড়ে বাংলা ভাষাভাষী আরবী সাহিত্যের পাঠকবৃন্দ কিছুটা মনের খোরাক পেলে এবং শিক্ষাঙ্গনসমূহের আরবী ভাষা ও সাহিত্যের শিক্ষক-শিক্ষার্থীরা তাদের প্রয়োজন খানিকটা মেটাতে পারলে আমার শ্রম সার্থক মনে করব ।
মুহাম্মদ ফজলুর রহমান
কোনো রিভিউ পাওয়া যায়নি
আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।